বাসস
  ২২ মে ২০২৬, ২১:২৯

ঈদের ছুটির আগে ডিপিএলের সপ্তম রাউন্ডে ফিরছেন শান্ত-লিটনরা

ঢাকা, ২২ মে ২০২৬ (বাসস) : ঈদুল আজহার ছুটির আগে আগামীকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ড অনুষ্ঠিত হবে। ঢাকার ৬টি ভেন্যুতে মাঠে নামবে চলতি ডিপএলে অংশগ্রহণকারী ১২টি দল। 

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে সপ্তম রাউন্ড দিয়ে ডিপিএলে ফিরতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সঙ্গত কারণেই সপ্তম রাউন্ড ঘিরে বাড়তি উত্তেজনা ক্রিকেট পাড়ায়। জাতীয় দলের তারকাদের অন্তর্ভুক্তি ডিপিএলের রোমাঞ্চ ও প্রতিদ্বন্দ্বিতা বহুগুণ বাড়িয়ে দেয়।

সপ্তম রাউন্ডে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ, বিকেএসপি-৪ এ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব, ইউল্যাব মাঠে আবাহনী লিমিটেড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (পিকেএসপি) মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সিটি ক্লাব, বিকেএসপি-৩ এ বসুন্ধরা স্ট্রাইকার্স ও ব্রাদার্স ইউনিয়ন এবং বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও ঢাকা লিওপার্ডস মুখোমুখি হবে। 

এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান। ৬ ম্যাচে ১০ পয়েন্ট আছে প্রাইম ব্যাংকেরও। তবে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা। 

৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে তৃতীয় স্থানে আছে আবাহনী। ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিজেন্ডস অব রূপগঞ্জ। 

সমান ৬ করে পয়েন্ট আছে ঢাকা লিওপার্ডস, গাজী গ্রুপ ক্রিকেটার্স, সিটি ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্সের। 

২ করে পয়েন্ট নিয়ে টেবিলের শেষ তিন দল গুলশান ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।