বাসস
  ২২ মে ২০২৬, ১৯:৫৯

পাকিস্তান ওয়ানডে দলে ফিরলেন বাবর : বাদ রিজওয়ান

ঢাকা, ২২ মে ২০২৬ (বাসস) : বাবর আজমকে ফিরিয়ে এনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। 

অস্ট্রেলিয়া সিরিজেও দলের নেতৃত্বে থাকছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তার ডেপুটি হিসেবে থাকবেন সালমান আগা।

গত মার্চ মাসে ফিটনেস সমস্যার কারণে বাংলাদেশ সফরের দলে সুযোগ পাননি বাবর। চলতি মাসে শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১১ ইনিংসে ৫৮৮ রানের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফিরলেন বাবর। 

এছাড়াও দলে ফিরেছেন হারিস রউফ, নাসিম শাহ এবং শাদাব খান। সর্বশেষ বাংলাদেশ সিরিজের দলে ছিলেন না তারা।

পিএসএলে ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বাঁ-হাতি স্পিনার সুফিয়ান মুকিমও ফিরেছেন  ওয়ানডে দলে।

প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন পেসার আহমেদ দানিয়াল, স্পিনিং অলরাউন্ডার আরাফাত মিনহাস এবং উইকেটরক্ষক ব্যাটার রোহাইল নাজির।

ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজের দলে জায়গা হয়নি ওপেনার ফখর জামান ও সাইম আইয়ুবের। 

সদ্যই বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৩০ মে থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ২ ও ৪ জুন।

২০২২ সালে সর্বশেষ পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া।  তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

সর্বশেষ চলতি বছরের শুরুতে পাকিস্তান সফর করে অস্ট্রেলিয়া। গত জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয় অসিরা।

পাকিস্তান দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আগা, আবদুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজিদ সাদাকাত, গাজী ঘোরি, নাসিম শাহ, রোহাইল নাজির, সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম।