শিরোনাম

কুমিল্লা, ১৭ মে ২০২৬ (বাসস) : 'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা' এ স্লোগানে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কুমিল্লা আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে।
সকালে ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা ৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মো: রেজা হাসানের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু, জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক মাহবুব আলম চপল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল।
প্রতিযোগিতায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার বিজয়ী খেলোয়াড়রা অংশ নিবে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স, সাঁতার।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, শিশু-কিশোরদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরির সুযোগ সৃষ্টি হবে।
কুমিল্লা স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে মনিরুল হক চৌধুরী দ্রুততম সময়ের মধ্যে মাঠকে খেলাধুলার উপযোগী করার নির্দেশ দেন।