বাসস
  ১৭ মে ২০২৬, ১২:৩৫

তাসকিন-মিরাজ নৈপুণ্যে প্রথম সেশন বাংলাদেশের

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ মে ২০২৬ (বাসস) : পেসার তাসকিন আহমেদ ও স্পিনার মেহেদি হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে রাখল স্বাগতিক বাংলাদেশ। এই সেশনে ৪ উইকেট ভাগাভাগি করে নেন তাসকিন ও মিরাজ। ফলে ৪ উইকেটে ৯৬ রান তুলে দিনের প্রথম সেশন শেষ করে পাকিস্তান। ৬ উইকেট হাতে নিয়ে এখনও ১৮২ রানে পিছিয়ে সফরকারীরা।

প্রথম ইনিংসে ২৭৮ রান করে বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছিল পাকিস্তান। আজান আওয়াইস ১৩ ও আব্দুল্লাহ ফজল ৮ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিন আজানকে ১৩ ও ফজলকে ৯ রানে বিদায় করেন তাসকিন। 

এরপর জোড়া উইকেট তুলে নেন মিরাজও। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে ২১ ও সৌদ শাকিলকে ৮ রানে আউট করেন মিরাজ। 

৭৯ রানে ৪ উইকেট পতনের পর জুটি বাঁধেন বাবর আজম ও সালমান আঘা। পঞ্চম উইকেটে ১৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মধ্যাহ্ন-বিরতিতে যান তারা। বাবর ৩৭ ও সালমান ৬ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের তাসকিন ৩০ রানে ও মিরাজ ১৪ রানে ২টি করে উইকেট নেন।