বাসস
  ১৬ মে ২০২৬, ২১:০৩
আপডেট : ১৬ মে ২০২৬, ২১:১০

মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন লিওয়াদোস্কি

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ মে ২০২৬ (বাসস) : চলতি মৌসুম শেষে বার্সেলোনার ছাড়ার ঘোষনা দিয়েছেন রবার্ট লিওয়ানদোস্কি। গ্রীষ্ম মৌসুমের পরেই তার সাথে কাতালান জায়ান্টদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। 

৩৭ বছর বয়সী লিওয়ানদোস্কি ২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেন। বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯১ ম্যাচে ১১৯ গোল করেন তিনি।

তার সাহায্যে বার্সেলোনা তিনটি লা লিগা শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে চলতি মৌসুমের ট্রফিও। এছাড়া ২০২৫ সালে দলটি কোপা দেল রে শিরোপা জয় করে।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লিওয়ানদোস্কি বলেন, “চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমে ভরা চার বছর পর এবার সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।”

তিনি আরও বলেন, “আমি এমন অনুভূতি নিয়ে যাচ্ছি যে আমার মিশন সম্পূর্ণ হয়েছে। চার মৌসুমে তিনটি শিরোপা।”

আর্থিক সংকট ও বাজে সময়ের মধ্যে থাকা বার্সেলোনায় যোগ দিয়ে দলটিকে আবারও স্পেনের সিংহাসনে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পাশাপাশি দলকে আবারও চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ অবস্থানে নিয়ে আসতেও সহায়তা করেন।

লিওয়ানদোস্কি বলেন, “বার্সা আবারও তার প্রাপ্য জায়গায় ফিরে এসেছে। প্রথম দিন থেকেই সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা কখনও ভুলব না। কাতালোনিয়া আমার পৃথিবীর সবচেয়ে আপন জায়গা।”

রোববার ক্যাম্প ন্যুয়ে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচটি হবে বার্সেলোনার জার্সিতে ঘরের মাঠে তার শেষ ম্যাচ। কোচ হান্সি ফ্লিক নিশ্চিত করেছেন তিনি একাদশে থাকবেন।

ফ্লিক বলেন, “সে দলের সঙ্গে কথা বলেছে, বিদায় জানিয়েছে এবং বলেছে বার্সেলোনায় সময়টা তার জন্য দারুণ ছিল। রবার্টের সঙ্গে আমি বহু বছর কাজ করেছি এবং আমরা একসঙ্গে নয়টি শিরোপা জিতেছি। আমি যত ট্রফি জিতেছি, সবই তার সঙ্গে।”

লিওয়ানদোস্কিকে তরুণদের জন্য আদর্শ উল্লেখ করে ফ্লিক বলেন, “সে অসাধারণ পেশাদার। প্রতিদিন নিজের সর্বোচ্চটা দিয়েছে, যাতে সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারে।”

বার্সেলোনাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছে, “প্রতিটি গোল, প্রতিটি লড়াই এবং এই জার্সিতে কাটানো প্রতিটি জাদুকরী মুহূর্তের জন্য ধন্যবাদ, রবার্ট লিওয়ানদোস্কি। তিনি তারকা হয়ে এসেছিলেন, কিংবদন্তি হয়ে বিদায় নিচ্ছেন।”

নিজ প্রজন্মের অন্যতম সেরা গোলদাতা লেভা বার্সেলোনায় অভিষেক মৌসুমেই জাভি হার্নান্দেজের অধীনে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হন।

চলতি মৌসুমে ফ্লিক তাকে স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেসের সঙ্গে রোটেশনে খেলিয়েছেন। এ মৌসুমে ৪৪ ম্যাচে ১৮ গোল করেছেন তিনি।

তবে পরবর্তী গন্তব্য সম্পর্কে কিছু জানাননি লিওয়ানদোস্কি। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাবের সঙ্গে তার আলোচনার গুঞ্জন রয়েছে।