বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫২

চট্টগ্রামে ১০০টি পানির এটিএম বুথ স্থাপনে ওয়াসা-ওয়াটারএইডের চুক্তি

ছবি: বাসস

চট্টগ্রাম, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরীর জনবহুল ও সুবিধাবঞ্চিত এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ১০০টি পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। পাইলট প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব বুথ স্থাপন করা হবে।
এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ওয়াসার বোর্ড কক্ষে চট্টগ্রাম ওয়াসা ও ওয়াটারএইড বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে চট্টগ্রাম ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম এবং ওয়াটারএইড বাংলাদেশ-এর পক্ষে কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, চট্টগ্রাম ওয়াসা ও ওয়াটারএইড বাংলাদেশ শুধু একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করছে না; বরং নগরীর পানি সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে আগামী তিন বছরের একটি যৌথ পথচলার সূচনা করছে। নিম্ন আয়ের জনগোষ্ঠী, পানি সংকটাপন্ন এলাকা এবং নিরাপদ খাবার পানির সীমিত সুবিধাপ্রাপ্ত মানুষের জন্য এ অংশীদারত্ব অত্যন্ত সময়োপযোগী।

তিনি বলেন, পানির এটিএম বুথ শুধু পানি সরবরাহের একটি ব্যবস্থা নয়; মানুষের প্রয়োজনের জায়গায় নিরাপদ পানি পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। বিশেষ করে যেসব মানুষ প্রতিদিন পানি সংগ্রহে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করেন, তাদের জন্য এ উদ্যোগ বাস্তব উপকার বয়ে আনবে।

ওয়াটারএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে চট্টগ্রাম ওয়াসা ও ওয়াটারএইড বাংলাদেশ-এর মধ্যে সহযোগিতা আরও জোরদার হয়েছে। এর সুফল সরাসরি চট্টগ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।

চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলম, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকার, সচিব শাহিদা ফাতেমা চৌধুরী, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে এবং ওয়াটারএইড বাংলাদেশ-এর প্রোগ্রাম অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি ডিরেক্টর পার্থ হেফাজ সেখ, টেকনিক্যাল ডিরেক্টর মো. তাহমিদুল ইসলাম ও জোনাল লিড বাবুল বালা এ সময় উপস্থিত ছিলেন।