বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪২

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬৫

চট্টগ্রাম, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১০৪ জন, পূর্ববর্তী মামলায় ৫৯ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, কার্য বিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৯ জন, পরোয়ানা মূলে ১৪২ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৬ জন রয়েছেন।

এছাড়া মাদক মামলায় ১৪১ জনকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে ৪৪ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদক বহনকারী এবং ৯৫ জন মাদক সেবনকারী রয়েছেন।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৭ হাজার ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬৫ লিটার চোলাই মদ, ১৭ কেজি ৫২৫ গ্রাম গাঁজা, ১ বোতল বিয়ার ও ১ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

মাদক বিরোধী এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ৫৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২০ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযানে ৩৩টি মাদক মামলা দায়ের করা হয়।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।