বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোটিংয়ের সুযোগ থাকছে

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আদলে আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও পোস্টাল ভোটিং প্রক্রিয়া চলমান থাকবে।

নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধন ২০২৫) (আরপিও) অনুযায়ী মূলত চার শ্রেণির ভোটার এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এরা হলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটার, নিজ নির্বাচনী এলাকার বাইরে চাকরিসূত্রে বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি, জেলখানায় বা আইনি হেফাজতে আটক বন্দি এবং নিজ কেন্দ্রের বাইরে নির্বাচন-সংক্রান্ত কোনো দায়িত্বে নিযুক্ত ব্যক্তিরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী ভোটারদের মধ্যে যারা ইতোপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাদের প্রযোজ্য ক্ষেত্রে ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠিয়ে ভোটদানে তাদের সম্মতি নিশ্চিত করা হবে। এরপর ভোটারদের বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। এ ছাড়া প্রবাসে বসবাসরত ঠাকুরগাঁও-১ আসনের যেকোনো ভোটার অ্যাপটির মাধ্যমে নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।

দেশের অভ্যন্তরে কর্মরত যে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী গত জাতীয় নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, এসএমএস-এর মাধ্যমে উপনির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তাদের সম্মতি নিশ্চিত করে হালনাগাদ বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী আগে নিবন্ধন করেননি, তারা নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন। পাশাপাশি, উপনির্বাচনের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন।

এদিকে, জেলখানায় অন্তরীণ ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একই প্রক্রিয়ায় জেল কর্তৃপক্ষের মাধ্যমে উপনির্বাচনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

উল্লেখ্য, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে শুধু ঠাকুরগাঁও-১ আসনের সংশ্লিষ্ট ভোটাররাই নিবন্ধন করতে পারবেন।