শিরোনাম

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উপ-মহাব্যবস্থাপক হাম্মাদ মুজিবের ব্যাংক হিসাবে ২ লাখ ৬০ হাজার ৬৮১ দশমিক ২৫ ইউরো লেনদেনের তথ্য পাওয়ার পর তার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের তদন্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ আবেদন করেন।
সংস্থাটির জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. তানজির আহমেদ বাসসকে এ তথ্য জানিয়েছেন।
আবেদনে বলা হয়, হাম্মাদ মুজিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে দুদক। সাইপ্রাসে পাঠানো পারস্পরিক আইনি সহায়তা অনুরোধের (এমএলএআর) মাধ্যমে পাওয়া তথ্যে দেখা যায়, ২০১৪ সালের মার্চ থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত তার ব্যাংক হিসাবে ২ লাখ ৬০ হাজার ৬৮১ দশমিক ২৫ ইউরো জমা হয়।
এর মধ্যে ২ লাখ ৩ হাজার ৯২৫ দশমিক ৮ ইউরো যুক্তরাজ্যে তার বোন রাহি রহমানের কাছে সম্পত্তি কেনার জন্য ‘উপহার’ হিসেবে পাঠানো হয়। এ ছাড়া তার ছেলে রাগিব মুহাম্মদ আখিয়ারের শিক্ষার ব্যয় হিসেবে যুক্তরাজ্যের একটি কলেজে ২০ হাজার ৪৮৯ দশমিক ৯৭ ইউরো পাঠানোর তথ্য পাওয়া যায়।
আবেদনে আরও বলা হয়, হাম্মাদ মুজিব ও তার সহযোগীরা যুক্তরাজ্যে থাকা অস্থাবর সম্পদ স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন বলে গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ সরিয়ে ফেলা হলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ কারণে সম্পদগুলো তাৎক্ষণিকভাবে ফ্রিজ করে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমএলএআরের মাধ্যমে প্রয়োজনীয় আদেশ পাঠানোর অনুমতি চায় দুদক। এর পরিপ্রেক্ষিতে আদালত সম্পদ জব্দের আদেশ দেন।