বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৮

প্রকল্প বাস্তবায়নে তদারকি ও জবাবদিহিতা জোরদারে গুরুত্ব পরিকল্পনা কমিটির

ছবি: জাতীয় সংসদ ফেসবুক পেইজ

সংসদ ভবন, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সরকারের সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থায়ী কমিটির তদারকি কার্যক্রম আরও জোরদার ও সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ নিয়ে বিস্তারিত নীতিগত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, এমপি।

বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন বিভাগ ও দপ্তরের সার্বিক কার্যাবলির ওপর বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। একই সঙ্গে বর্তমানে চলমান জাতীয় উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, ব্যয় নিয়ন্ত্রণ ও সময়সীমা নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়।

এ সময় পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় প্রকল্পের যথাসময়ে বাস্তবায়ন ও অপচয় রোধে সংসদীয় কমিটির নিয়মিত তদারকির গুরুত্ব অপরিসীম। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদীয় কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ও অংশগ্রহণমূলক ভূমিকার মাধ্যমে মন্ত্রণালয়কে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।

কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের করের টাকার সঠিক ব্যবহার এবং প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংসদীয় কমিটি তার অর্পিত দায়িত্ব ও তদারকি কার্যক্রম আরও কঠোরভাবে পালন করবে।

বৈঠকের শুরুতে স্থায়ী কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মো. শওকতুল ইসলাম, মোসা. ফরিদা ইয়াসমিন, মো. সাইফুল আলম এবং মো. রাশেদুল ইসলাম রাশেদ অংশগ্রহণ করেন।

এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, পরিকল্পনা বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবদ্বয়, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পরিদপ্তর ও অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।