শিরোনাম

কুমিল্লা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম আজ দুপুরে রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আমেনা বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় তাঁরা বলেন, আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তার মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি। একজন মায়ের চলে যাওয়া পরিবারের জন্য গভীর বেদনার। তার স্নেহ, মমতা ও স্মৃতি স্বজনদের মধ্যে চিরদিন বেঁচে থাকবে।
তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমার জানাজার নামাজ আগামীকাল বুধবার দুপুর ২টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।