বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৪

ফেসবুকে পেইজ খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ফেসবুকে পেইজ খুলে অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান মাহিনকে (১৯) গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ তাকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

মাহিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাত করতেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন এবং বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত ৬১টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়।

এছাড়া তার ব্যবহৃত ডিভাইসে ‘গ্রামীণ লোন’ নামের ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটের ড্যাশবোর্ড সক্রিয় লগইন অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।