বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৬

আগামী ৫ বছরে সুন্দর শহরে রূপান্তরিত হবে কামরাঙ্গীরচর : ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ফাইল ছবি

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : আগামী ৫ বছরের মধ্যে রাজধানীর কামরাঙ্গীরচরকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও পরিকল্পিত নগরীতে রূপান্তরিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ কামরাঙ্গীরচরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

কামরাঙ্গীরচরের নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘বিশ্বের বহু বিখ্যাত শহর একসময় ময়লা-আবর্জনা ও অপ্রতুল অবকাঠামোয় বিপর্যস্ত ছিল। কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সেগুলোকে পরবর্তীতে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলা হয়েছে। কামরাঙ্গীরচরের যাত্রা প্রতিকূল পরিবেশে হলেও সবার সম্মিলিত সহযোগিতা ও সমন্বিত মাস্টারপ্ল্যানের মাধ্যমে এটিকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহরে রূপান্তর করা সম্ভব।’

কৃতী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তিনি আরও বলেন, ‘তোমরা প্রত্যেকেই এক একটি ফুটন্ত ফুল। তোমাদের মেধা, সততা ও সুবাসেই আগামী দিনে কামরাঙ্গীরচর আলোকিত হয়ে উঠবে। নিজেদের সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিজেদের আশপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্বও তোমাদের নিতে হবে।’

অনুষ্ঠানে কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।