শিরোনাম

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জাতীয়তাবাদী শ্রমিক দলের মুখ্য সমন্বয়ক, পাবনা-৫(সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন।
দায়িত্ব পাওয়ার পরদিন আজ রাজধানীর জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন শিমুল বিশ্বাস।
জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে একাকী উপস্থিত হয়ে শিমুল বিশ্বাস কিছু সময় সেখানে অবস্থান করেন।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও দেশের জন্য তাঁদের অবদানের কথা স্মরণ করে তাঁদের জন্য দোয়া করেন তিনি।
শিমুল বিশ্বাসের রাজনৈতিক জীবনে তিনি একসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা ও তাঁর নেতৃত্বের প্রতি আস্থার কথা বিভিন্ন সময় স্মরণ করেছেন শিমুল বিশ্বাস।
জিয়া উদ্যান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি স্থান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির সঙ্গে যুক্ত এই স্থানটি বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের কাছেও বিশেষ গুরুত্ব বহন করে।
সেখানে গিয়ে শিমুল বিশ্বাসের দোয়া ও শ্রদ্ধা নিবেদন তাঁর রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
শ্রমিক অধিকার, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমবাজারের শৃঙ্খলা, কর্মপরিবেশের উন্নয়ন এবং শ্রম মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সংসদীয় কমিটির পর্যালোচনা ও তদারকির আওতায় রয়েছে। এ দায়িত্ব পালনে কমিটির সভাপতি হিসেবে শিমুল বিশ্বাসকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বিশেষ করে দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমবাজারের সঙ্গে নতুন প্রজন্মের দক্ষতা উন্নয়নের সমন্বয়, এসব বিষয় সামনে রেখে কমিটির কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় যাঁর আদর্শ ও নেতৃত্ব তাঁকে প্রভাবিত করেছে, দায়িত্ব পাওয়ার পরদিনই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিমুল বিশ্বাস যেন সেই রাজনৈতিক সম্পর্ক ও আনুগত্যেরই প্রতিফলন ঘটিয়েছেন।