শিরোনাম

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ চলমান একটি মামলার সঙ্গে যুক্ত করে তদন্তের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে আজ কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদক জানায়, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, নিয়োগ বাণিজ্য, দলীয় পদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। একইসঙ্গে নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।
কমিশন অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের তদন্তাধীন একটি মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্তের সুপারিশ করেছে।
তদন্তে ক্ষমতার অপব্যবহার, জমি দখল, নিয়োগ ও দলীয় পদ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থপাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগগুলো যাচাই করা হবে।