বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৯

মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ৩৮০

চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৩৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১০৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুই জন, পরোয়ানামূলে ৯৬ জন এবং সাজা পরোয়ানামূলে ১৪ জন রয়েছে।

এ ছাড়া মাদক মামলায় ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬১ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী এবং একজন মাদক সেবনকারী রয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৯ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে ৫২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানকালে ৫২ হাজার ৭১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ কেজি ২৪২ গ্রাম গাঁজা, ৭০ লিটার ২৫ মিলিলিটার চোলাই মদ এবং মদ তৈরির ১৭০ কেজি উপাদান উদ্ধার করা হয়।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।