বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ৯ ও ১০ সেপ্টেম্বর

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অপ্রচলিত তাল ও ছন্দকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে ২০০ জন বাদ্যশিল্পীকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও শিল্পকলার আয়োজনে ২০০ জন তালবাদ্যশিল্পীর সম্মিলিত অংশগ্রহণে দু’দিনব্যাপী ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র ভবনে (১০৪ ও ১০৫ মহড়া কক্ষে) প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বসবে এ আয়োজন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সূত্র জানায়, নজরুল বর্ষ চলছে। এরই ধারাবাহিকতায় নজরুলের সৃষ্ট অনেক অপ্রচলিত তাল ও ছন্দকে জনপ্রিয় করে তুলতে সারাদেশ থেকে প্রায় ২০০ জন বাদ্যশিল্পীকে দেশের প্রথিতযশা, অভিজ্ঞ ও দক্ষ বাদ্যশিল্পীরা নজরুলের সৃষ্টির তাল-ভাষা, ছন্দ ও বাদ্যপ্রকরণকে কেন্দ্র করে প্রশিক্ষণ দেবেন।

নজরুলের সেই দুরন্ত সৃষ্টিস্পন্দন একটি ছন্দ, একটি স্পন্দন, একটি জাতির জাগরণের অনন্ত প্রতিধ্বনি হিসেবে পরিচিত হবে।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত বাদনশিল্পীদের সনদ ও শুভেচ্ছাস্মারক প্রদান করা হবে।