শিরোনাম

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আজ শনিবার বিকেলে রাজশাহীর নওদাপাড়ায় কারখানাটি পরিদর্শনে যান তিনি।
কারখানায় পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (ফুটওয়্যার ও লাগেজ) রিফাত হোসেন রনি এবং কারখানার হেড অব অ্যাডমিন শরিফ উদ্দিন আহমেদ।
প্রতিমন্ত্রী এ সময় কারখানার ব্যাগ ও লাগেজ উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত মিলকে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে স্বল্প সময়ে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি করায় প্রাণ-আরএফএল গ্রুপ প্রশংসার দাবিদার।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এসব কারখানায় পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রাণ-আরএফএল গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা রিফাত হোসেন রনি বলেন, বন্ধ কারখানাটি ২০২৪ সালের ডিসেম্বরে বুঝে পাওয়ার পর মাত্র তিন মাসে প্রয়োজনীয় সংস্কার শেষ করে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে উৎপাদন শুরু করতে সক্ষম হয় প্রাণ-আরএফএল গ্রুপ।
তিনি বলেন, বর্তমানে কারখানাটিতে লাগেজ ও ব্যাগ উৎপাদনে আড়াই হাজারের বেশি মানুষ কাজ করছেন। পর্যায়ক্রমে আরও উৎপাদন লাইন চালু করা হবে। এতে প্রায় ১২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
রিফাত হোসেন রনি আরও বলেন, কারখানাটিতে উৎপাদিত ব্যাগ ও লাগেজ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। কারখানাটিকে শতভাগ রপ্তানিমুখী সবুজ শিল্পপার্কে রূপান্তরের কাজও এগিয়ে চলছে।
তিনি জানান, এর অংশ হিসেবে জলাধার সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সৌরবিদ্যুৎ স্থাপনের মতো বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
কারখানা পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।