শিরোনাম

বান্দরবান, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
প্রতিমন্ত্রী গতকাল বান্দরবানে রাজার মাঠে ‘জন্মাষ্টমী উৎসব-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে বৈষম্যমুক্ত পরিবেশ তৈরি ও সবার সমঅধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের এ চেষ্টা অব্যাহত থাকবে।
দেশে সামাজিক শান্তি বজায় রাখার বিষয়ে তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে অতীতে বিভিন্ন ধর্মীয় গুজব ছড়ানো হলেও সরকার দক্ষতার সাথে তা মোকাবিলা করেছে। পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ধর্মীয় ও মানবিক সম্প্রীতির ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আমাদের পথচলা যেন গোত্রভিত্তিক না হয়ে জাতিভিত্তিক হয়। আমরা বাংলাদেশি হিসেবে সবাই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা সৃষ্টির সেরা জীব এবং আমাদের সবাইকে একে অপরকে সহযোগিতা করা উচিত— যাতে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকে। সম্প্রীতির এ ধারা অব্যাহত রেখে শান্তিময় পার্বত্য চট্টগ্রাম গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
বান্দরবান কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং এবং পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।