বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১

মিরপুরে সীড প্রসেসিং সেন্টারের আড়ালে নকল সিগারেট উৎপাদন শনাক্ত

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুর-১ এলাকার একটি সীড প্রসেসিং সেন্টারের আড়ালে পরিচালিত নকল সিগারেট উৎপাদন কার্যক্রম শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) আজ সীড প্রসেসিং সেন্টারে অভিযান চালায়।

সিআইআইডি জানায়, ঢাকার মিরপুর-১-এর গোড়ান চটবাড়ী এলাকায় অবস্থিত ‘কৃষিবিদ সীড লিমিটেড—সীড প্রসেসিং সেন্টার’ এলাকায় অভিযান চালিয়ে নকল সিগারেট উৎপাদনের কার্যক্রম শনাক্ত করা হয়।

অভিযানে ঘটনাস্থলে সিগারেট, কাঁচামাল, প্যাকেজিং সামগ্রী, উৎপাদন যন্ত্রপাতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র পাওয়া যায়। এসব সামগ্রীর বিস্তারিত ইনভেন্টরি ও যাচাই কার্যক্রম চলমান রয়েছে।

অভিযানে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪-এর সদস্যরা অংশগ্রহণ করছেন।

সিআইআইডি জানিয়েছে, অভিযান শেষে জব্দকৃত সামগ্রী ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।