বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৮:১৩

সবার সহযোগিতায় সবুজ ঢাকা গড়ে তোলা হবে: ডিএনসিসি প্রশাসক

ছবি: বাসস

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস): সিটি কর্পোরেশনের একক প্রচেষ্টায় নয়, নাগরিকদের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ শনিবার রাজধানীর উত্তরা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, সরকারি নির্দেশনার আলোকে দীর্ঘমেয়াদি সবুজায়ন পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এগিয়ে এসেছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের এ যৌথ উদ্যোগ একটি টেকসই ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, নগরীর সবুজায়ন কর্মসূচিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগামী ৫ বছরে ৫ লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে প্রায় ৫৫ হাজার গাছ রোপণ করা হয়েছে। মহাখালী, ফার্মগেট, বিজয়নগরসহ প্রধান সড়কগুলোর মিডিয়ানে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেছেন। এ জাতীয় কর্মসূচির অংশ হিসেবেই রাজধানী ঢাকাকে সবুজায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচির অন্যতম বিশেষ দিক হলো রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করা। এ কর্মসূচির আওতায় ৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী সরাসরি গাছের পরিচর্যার কাজে অংশ নেবে। শিক্ষার্থীদের এ কাজে উৎসাহিত করতে ভবিষ্যতে তাদের বৃত্তির আওতায় আনার উদ্যোগও নেওয়া হবে।

ডিএনসিসি প্রশাসক এ উদ্যোগকে মহৎ ও দূরদর্শী হিসেবে উল্লেখ করে বলেন, তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষার কাজে সম্পৃক্ত করা হলে তাদের মধ্যে প্রকৃতি ও নগরীর প্রতি দায়িত্ববোধ তৈরি হবে। এ ধরনের উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

সবুজায়নের পাশাপাশি পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কেবল সিটি কর্পোরেশনের একক প্রচেষ্টায় একটি মেগাসিটিকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এজন্য সাধারণ নাগরিকদের দায়িত্বশীল ও সচেতন হতে হবে।

তিনি নগরবাসীর প্রতি রাস্তাঘাট কিংবা যত্রতত্র প্লাস্টিকের বোতল, ওয়ানটাইম কাপ, টিস্যু, পানির কন্টেইনার ও অন্যান্য আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।

শফিকুল ইসলাম খান বলেন, নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ রূপকল্প বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে ডিএনসিসির অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম, ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।