বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৩:৩০

রাসি’কে ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

ছবি: বাসস

রাজশাহী, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রথমবারের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ দেয়া হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে রুয়েটের শিক্ষার্থীরা এ সুযোগ পেয়েছেন।

রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উপলক্ষে আজ সোমবার সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।

প্রধান অতিথি’র বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই রুয়েটের শিক্ষার্থীদের রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ দেয়া হয়েছে। এর মাধ্যমে তারা সিটি করপোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভবিষ্যতে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার বলেন, আজকের দিনটি রুয়েট ও রাজশাহী সিটি করপোরেশন উভয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের শুভ সূচনা হলো। সুযোগ্য সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগেই এটি সম্ভব হয়েছে। ইতোপূর্বে দায়িত্বে থাকা অনেকের সময় শিক্ষার্থীরা এ ধরনের সুযোগ পায়নি। আমি আশা করি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেয়ায় রাসিক প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ইন্টার্নশিপে অংশ নেয়া শিক্ষার্থী আরাফ মাসুদ বলেন, রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পাওয়ায় আমরা বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে জানতে পারব। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের সুযোগ দেওয়ায় প্রশাসক ধন্যবাদ জানাচ্ছি।

শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, আমাদের সিনিয়ররা ইতোপূর্বে রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পাননি। আমরাই প্রথমবারের মতো এই সুযোগ পেয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমাদের ইন্টার্নশিপের সুযোগ দেয়ায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, রুয়েটের ১৮ জন শিক্ষার্থী রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। ইন্টার্নশিপের মাধ্যমে তারা সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম, নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে নগর উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ পাবেন তারা। এরফলে ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশের আগে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বাস্তব কাজের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।