বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৩:১০

খালেদা জিয়ার হাত ধরেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপলাভ করেছে : মঞ্জু

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন। ছবি: পিআইডি, খুলনা

খুলনা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। তাঁর মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের প্রিয় নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। তিনটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেয়ার পাশাপাশি দেশে খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপলাভ করে। জুলাই বিপ্লবের পর তাদেরই যোগ্য উত্তরসুরী তারেক রহমান গনরায়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনিও সুস্থ ধারার নতুন রাজনীতি নিয়েই এগিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ উপহার দিবেন বলে প্রশাসক উল্লেখ করেন।

গতকাল রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জিয়া শিশু-কিশোর সংগঠন-খুলনা মহানগর ও জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। একটি বৈষম্যহীন সমাজ গড়ার যে আকাঙ্খা নিয়ে সর্বস্তরের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সেই আকাঙ্খা পূরণে প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন।

সংগঠনের মহানগর সভাপতি নিয়াজ আহমেদ তুহিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহসভাপতি মির্জা মাসুদুর রহমান ও সহসভাপতি পারভিন সুলতানা মিতু।

অনুষ্ঠানে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।