বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ২১:৩৫

টিআর প্রকল্পের মাধ্যমে অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখছে সরকার : এরশাদ উল্লাহ এমপি

ছবি : বাসস

চট্টগ্রাম, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, সরকারি টিআর (টেস্ট রিলিফ) প্রকল্প গ্রামীণ এলাকার অবকাঠামো উন্নয়ন ও জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 
তিনি আরও বলেন, এলাকার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে।

আজ (রোববার) বিকেলে চট্টগ্রাম-৮ আসনের মোহরা ও চান্দগাঁও ওয়ার্ডে টিআর প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন অবকাঠামো পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, টিআর প্রকল্পের মাধ্যমে রাস্তা, কালভার্ট, সড়ক সংস্কারসহ বিভিন্ন ছোট ও মাঝারী আকারের জনকল্যাণমূলক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে প্রত্যন্ত এলাকার মানুষের চলাচল সহজ হচ্ছে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমদ, মো. আজম, মো. আশ্রাফুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক সদস্য মো. ইয়াছিন প্রমুখ।