শিরোনাম

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : দেশের বেকারত্ব দূরীকরণ ও তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পেশাভিত্তিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে ‘গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউট’-এর সার্টিফিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারা বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী প্রশিক্ষণ তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়াতে পারে।
এমইউএস গ্লোবাল গ্রুপ কোম্পানির সিস্টার কনসার্ন হিসেবে গত ১ আগস্ট যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের বারিস্তা পেশায় প্রশিক্ষণ দিচ্ছে। অনুষ্ঠানে কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মো. আবু তাহের, সাংবাদিক ও গবেষক এম এস দোহা, ব্যবসায়ী গোলাম সারোয়ার কাউসার, সাইদুল হক রিগান, শিক্ষা গবেষক নজরুল ইসলাম হৃদয় এবং প্রতিষ্ঠানের ট্রেইনার রাসেল বক্তব্য দেন।
বক্তারা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি করতে পারেন। বারিস্তা পেশায় দেশে ও বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। তাই আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মহিন উদ্দিন স্বপন বলেন, শুধু সনদ দেওয়া নয়, প্রশিক্ষণার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য। তরুণদের দক্ষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
তিনি বলেন, বেকারত্ব নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগগুলোকে সহযোগিতা করা হলে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে সনদ পাওয়া প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।