শিরোনাম

রাঙামাটি, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস): জেলায় আজ মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশ করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশের আয়োজনে সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
প্রধান অতিথি বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অঙ্গীকার। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকেই সকলকে সচেতন করার কাজ শুরু করতে হবে। সকলে সচেতন না হলে পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদক নির্মূলে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
তিনি আরও বলেন, মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, মাদকের সাথে জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ পুলিশ বিভাগ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. একরামুল রাহাত, পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এ্যাড. মামুনুর রশিদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা ইমাম সমিতির সভাপতি এবিএম তোফায়েল উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি নবজ্যোতি খীসা প্রমুখ।
প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকই হলো সকল অপরাধের মূল উৎস। তাই মাদকের সাথে সংশ্লিষ্ট গডফাদার, সাপ্লাইকারী, সেবনকারী থেকে শুরু করে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে পুলিশ বিভাগ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। মাদকের আগ্রাসন থেকে দেশ, সমাজ ও জাতিকে রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, আমরা চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি এবং তা চলমান থাকবে। তিনি মাদকের আগ্রাসন থেকে সমাজকে রক্ষা করতে সকল নাগরিককে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাবের সামনে থেকে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি জনসচেতনতামূলক মাদকবিরোধী র্যালি বের করা হয়।