বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৬:১১

নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের গুরুত্বারোপ বিশেষজ্ঞদের

ছবি : বাসস

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল সমস্যায় আক্রান্ত শিশুদের সেবার মান উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশেষায়িত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

আজ ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা)-এর উদ্যোগে ‘সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’-এর ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। ইপনার পরিচালক অধ্যাপক ডা. কাজী আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, প্রশিক্ষণপ্রাপ্তদের অর্জিত জ্ঞানকে মানবিক ও সামাজিক দায়িত্ব হিসেবে কাজে লাগাতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। দক্ষ পেশাজীবী ও সচেতন অভিভাবক তৈরি সামাজিক সচেতনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এ কোর্স থেরাপিস্ট ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের বৈজ্ঞানিক উপায়ে সহায়তায় সক্ষম করে তুলবে।

অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার রোধে পরিবারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অধ্যাপক ডা. নাহরীন আখতার গর্ভাবস্থায় মা ও শিশুর যথাযথ যত্ন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং রোগ প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দেন। তিনি প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বাড়ানোরও আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. কাজী আশরাফুল ইসলাম কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ করে শিশুদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন অধ্যাপক ডা. সৈয়দা তাবাস্সুম আলম।

তিনি বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সারাদেশে নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা সম্পর্কে সঠিক ধারণা ও প্রয়োজনীয় সেবা বিষয়ে জ্ঞান ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের ব্যাচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে থেরাপিস্ট, মনোবিজ্ঞানী, বিশেষ শিক্ষক এবং অটিজমে আক্রান্ত শিশুদের অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠানে ইপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।