বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ০০:০২

চার ফ্লাইটে সিআইআইডির সাঁড়াশি অভিযান : ৪২ লাখ টাকার পণ্য উদ্ধার

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে একাধিক ফ্লাইটের যাত্রীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 

গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার এয়ারপোর্ট সি-শিফটের পৃথক অভিযানে ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ, ৫১ কার্টুন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। আটককৃত পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,  শ্রীলংকা এয়ারলাইনস-এর ইউএল১৮৯ (কলম্বো-ঢাকা) ফ্লাইটে এক যাত্রী অবৈধভাবে স্বর্ণ নিয়ে ঢাকায় আসবেন। তথ্য পাওয়ার পর সি-শিফটের কর্মকর্তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সতর্ক নজরদারি শুরু করেন।

ফ্লাইটটি আনুমানিক দুপুর ১২টায় অবতরণের পর ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে মো. পারভেজ নামে এক যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।

একপর্যায়ে তার ব্যবহৃত ট্রলির বিশেষভাবে তৈরি গোপন স্থানে কৌশলে লুকানো ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। একই সঙ্গে তার লাগেজে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ।

যাত্রী এসব ওষুধ আমদানির পক্ষে প্রয়োজনীয় বৈধ অনুমতিপত্র ও প্রাসঙ্গিক দলিলাদি উপস্থাপন করতে ব্যর্থ হন। ফলে স্বর্ণ ও ওষুধসহ সংশ্লিষ্ট পণ্য ডিএম-এর মাধ্যমে আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযানে এয়ার ইন্ডিয়া-এর এআই২৩৭ ফ্লাইটে আগত জনি মিয়া নামে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬ লিটার গ্রান্টস ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

একই দিনে এমিরেটস এর ইকে ০৫৮৬ ফ্লাইটে আগত মো. মিজানুর রহমান নামে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৯ কার্টুন সিগারেট এবং ৭০৮ পিস পাকিস্তানি হোয়াটিং সিরাম আটক করেন সি-শিফটের কর্মকর্তারা। আটককৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা।

অন্য এক অভিযানে, ইউএস-বাংলা এয়ারলাইনস এর বিএস৩১৬ ফ্লাইটে আগত সুমা বেগম নামে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩০ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম আটক করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

১৫ আগস্টের সার্বিক অভিযানে সি-শিফট ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টুন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ আটক করেছে। সব মিলিয়ে আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় নজরদারির সমন্বয়ে একই দিনে একাধিক ফ্লাইটে পরিচালিত এসব অভিযান বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে সিআইআইডির সক্রিয় তৎপরতার প্রতিফলন।