বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ২০:৫৯
আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ২১:১৬

গুলশান লেকে শতাধিক কমল-শাপলার চারা রোপণ করলেন ছাত্রদল নেতা প্রিন্স

ছবি : বাসস

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশবান্ধব কর্মসূচি ও প্রত্যক্ষ পরামর্শে নেওয়া উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর গুলশান লেকে কমল, শাপলা ও অন্যান্য জলজ উদ্ভিদের শতাধিক চারা রোপণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।

আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গুলশান লেকের বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করেন তিনি। এ সময় লেকের পাড়ে জমে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি আগাছা অপসারণেও অংশ নেন নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, সৌন্দর্যবর্ধক জলজ উদ্ভিদের বিস্তার বাড়ানোর মাধ্যমে লেকের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, নিজেদের আগ্রহের পাশাপাশি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উৎসাহ ও নির্দেশনায় পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ত এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘গুলশান লেক শুধু রাজধানীর একটি বিনোদনকেন্দ্র নয়, এটি নগরের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই লেকে কমল, শাপলা ও অন্যান্য জলজ উদ্ভিদের চারা রোপণের পাশাপাশি যতটুকু সম্ভব হয়েছে, পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করেছি। আমরা চাই, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সমাজ ও পরিবেশের কল্যাণেও তরুণরা ভূমিকা রাখুক।’

তিনি জানান, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সামাজিক বিজ্ঞান চত্বরের লেকে কমল ফুলের চারা রোপণ করা হয়। পরে, ধানমন্ডি লেকেও একই ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় গুলশান লেকে আজকের কর্মসূচি অনুষ্ঠিত হলো।

প্রিন্স বলেন, ‘রাজধানীতে বেড়ে ওঠা অনেক শিশুকে আমি চিনি, যারা কমল ফুল কিংবা জাতীয় ফুল শাপলা নিজ চোখে দেখেনি। এগুলো দেখার অভিজ্ঞতা তাদের নেই। বিষয়টি আমাকে পীড়া দেয়। তাই আমাদের অনুজ প্রজন্মকে প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপহার দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য।’

তিনি আরও বলেন, শুধু আজকের কর্মসূচি নয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পরিবেশ রক্ষার এ উদ্যোগে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত নেতারা বলেন, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং রাজধানীর জলাশয়গুলোকে আরও দৃষ্টিনন্দন ও দূষণমুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।