শিরোনাম

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১২ আগস্ট সকালে তিনি পরলোকগমন করেন।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে আজ শনিবার রাজধানীর পোস্তগোলা মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে, সকালে রঞ্জন কর্মকারের মরদেহ বারডেমের মর্গ থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীগণ পুষ্পার্ঘ্য অর্পণ ও শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
মহানগর সার্বজনীন পূজা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাধন ও ঐক্য পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক ব্রজগোপাল দেবনাথের সঞ্চালনায় আয়োজিত স্মরণসভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল দেবনাথ, ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি এন চ্যাটার্জী, প্রয়াত রঞ্জন কর্মকারের বোন তুলু কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে পুষ্পার্ঘ্য অর্পণ করে রঞ্জন কর্মকারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটি, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, নাগরিক সমাজ, নারী প্রগতি সংঘ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি সংস্থা স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এবং মনিসিংহ ফরহাদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।
পরে, ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে রঞ্জন কর্মকারের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও সিনেট ভবনে নেওয়া হয়। সেখানে শুভানুধ্যায়ীগণ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ পোস্তগোলা মহাশ্মশানে নেওয়া হয় এবং সেখানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।