শিরোনাম

চট্টগ্রাম, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস): চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, নগরীর পুকুরগুলো পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কার করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাই পর্যায়ক্রমে বিভিন্ন পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) চট্টগ্রাম নগরীর কাজির দেউরিতে কাজী বাড়ি পুকুর পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী সবাই মিলে এবং সবার সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পরিচ্ছন্নতার কাজ এগিয়ে নিতে চাই। শুধু সরকারি উদ্যোগে একটি পরিচ্ছন্ন শহর বা সমাজ গড়ে তোলা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পরিচ্ছন্ন ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে নগরীর বিভিন্ন পুকুর পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। পরিষ্কার করা পুকুরগুলোতে পরবর্তীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে।
তিনি বলেন, ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’-এই স্লোগানকে সামনে রেখে গত ২৫ জুলাই থেকে সারা জেলায় বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কাজী বাড়ি পুকুর পরিষ্কার কর্মসূচিতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।