বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১৬:০০

সবার সহযোগিতায় ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলব: ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান আজ রাজধানীর মিরপুর-২ এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালির উদ্বোধনকালে কথা বলেন। ছবি: বাসস

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস): সবার সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ সকালে রাজধানীর মিরপুর-২ এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন’ রাখার ঘোষণা দিয়েছেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় অনুশাসন জারি করেছেন। অনুশাসন জারির পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত রাখা এবং মশা নিয়ন্ত্রণে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি সপ্তাহে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রশাসক বলেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। প্রতিটি পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কাজে সহযোগিতার জন্য তিনি আহ্বান জানান।

তিনি বলেন, ‘ঢাকা শহর আপনার, আমার—সবার। এই শহরকে পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।’ চলার পথে টিস্যু, পানির বোতল বা ছোট কোনো বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, নাগরিকদের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে রাস্তাঘাট ও আশপাশে যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ করা সম্ভব। এর মাধ্যমে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ডিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।