শিরোনাম

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস): সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩১ হাজার ৩৭ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য এতে তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর যাত্রা শুরু হয়। শুরু থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত মোট ৩১ হাজার ৩৭ জন এ অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড’র মাধ্যমে ৩ হাজার ৪৫৭ টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩৬৯ টি মামলা। এছাড়াও আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে ২৭ হাজার ৫৮০টি।
আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।