শিরোনাম

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের জন্য জব অফার পাওয়া ১২৪ জন বাংলাদেশি প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ১৩ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক প্রশিক্ষণার্থীদের সুস্বাস্থ্য কামনা করেন। তিনি বলেন, প্রতিটি ব্যাচে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীকে বোয়েসেলের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে ২০০৭ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) কর্মসূচির অধীনে জি-টু-জি পদ্ধতিতে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া (এইচআরডি কোরিয়া) কর্মী নির্বাচন ও প্রেরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২০০৮ সাল থেকে দক্ষিণ কোরিয়ার নিয়োগকর্তাদের চাহিদার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায়, স্বল্প অভিবাসন ব্যয়ে এবং উচ্চ বেতনে এ পর্যন্ত ৩৮ হাজার ১৮ জন বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
কোরিয়াগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মস্থলে দ্রুত অভিযোজন এবং ইপিএস কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশ-এর সহযোগিতায় কোরিয়াগামী সাধারণ ইপিএস কর্মীদের ১০ দিনব্যাপী কোরিয়ান ভাষা ও সংস্কৃতি, আচরণ এবং কর্মসম্পাদন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে ডার্টি, ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস (থ্রি-ডি) ধরনের কাজের পরিবেশে দক্ষতার সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বোয়েসেলের নিজস্ব ওয়েল্ডিং ল্যাবে অতিরিক্ত ৩ দিনব্যাপী ওয়েল্ডিং ও গ্রাইন্ডিং এবং শারীরিক ব্যায়াম বা শরীরচর্চা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ দিনব্যাপী ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রদান করা হবে। উল্লিখিত প্রশিক্ষণ কার্যক্রমের ব্যয় বোয়েসেল বহন করবে।