বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১২:১৪

গোপালগঞ্জে ১৫ আগস্টকে ঘিরে নিরাপত্তা জোরদার

জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ছবি: বাসস

গোপালগঞ্জ, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা ও পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

গতকাল শুক্রবার গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয় নিশ্চিত করেছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

যেকোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জানা গেছে, পুরো জেলাকে নিরাপত্তা বলয়ের আওতায় আনতে পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা শহর থেকে শুরু করে উপজেলাগুলোর মোড়, প্রধান প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, বিশেষ সুরক্ষার অংশ হিসেবে জেলা ও দায়রা জজের বাসভবন সংলগ্ন সড়কে সাধারণ যান চলাচল বন্ধ ঘোষণা করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নিরাপত্তার বিশেষ নজর রয়েছে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা ঘিরে। 

সমাধি সৌধ কমপ্লেক্সের চারপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর বলয় তৈরি করেছে। ওই এলাকার সংলগ্ন সড়কে যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে এবং অপ্রয়োজনীয় যেকোনো সমাগম এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে টুঙ্গিপাড়া উপজেলার অন্যান্য ঝুঁকি প্রবণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বাসস’কে জানান, এটি কেবল একটি নির্দিষ্ট দিনের বিষয় নয়। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই জেলা আইনশৃঙ্খলা ও মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে বিজিবি মোতায়েন রাখা হচ্ছে।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ, বিজিবিসহ যৌথ নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।