শিরোনাম

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস) : দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের সাথে তুলে ধরতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
আজ ঢাকার নবাবগঞ্জ উপজেলার মুন্সীনগর প্রগতি সংঘ মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দেশের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। এ সময় স্বজনপ্রীতি, দুর্নীতি ও অনিয়মের কারণে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার দেশের পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে চেষ্টা করছে।
মুন্সীনগর প্রগতি সংঘের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রোমান স্পোর্টিং ক্লাব (শংকরখালি) ও মদনখালী ফ্রেন্ডস ক্লাব (মদন খালি) অংশগ্রহণ করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-১ গোলে ড্র নির্ধারিত সময় শেষ হয়। অতিরিক্ত সময়ও ফলাফল নির্ধারিত না হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে মদনখালি ফ্রেন্ডস ক্লাব ৭-৬ গোলে জয়লাভ করে।