শিরোনাম

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : গ্রিসে বাংলাদেশি কর্মীদের জন্য বিদ্যমান ও উদীয়মান কর্মসংস্থানের সুযোগ, নিরাপদ অভিবাসন এবং শ্রমবাজারে প্রবেশের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর উদ্যোগে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বোয়েসেলের কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও অভিজ্ঞ কূটনীতিক নাহিদা রহমান সুমনা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রীসের শ্রমবাজারের বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা গ্রিসে বাংলাদেশি কর্মীদের জন্য উদীয়মান কর্মসংস্থানের সুযোগ, আইনানুগ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি অবৈধ পথে অভিবাসনের ঝুঁকি প্রতিরোধ, ভাষা ও দক্ষতার ঘাটতি মোকাবিলা এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ উত্তরণের ওপরও গুরুত্ব দেন। পাশাপাশি তিনি তার আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং গ্রিসে বাংলাদেশি কর্মীদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন কৌশলগত সুপারিশ তুলে ধরেন।
এ ছাড়া তিনি মাল্টা ও আলবেনিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ-সুবিধা নিয়েও বক্তব্য দেন।
কর্মশালায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক অনুবিভাগের মহাপরিচালক কাজী এহসানুল হক গ্রিসে বাংলাদেশি কর্মীদের অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় কম খরচে এবং নিরাপদ উপায়ে দক্ষ ও যোগ্য কর্মী গ্রিসে পাঠাতে বোয়েসেল বদ্ধপরিকর।
তিনি আশা প্রকাশ করেন, সঠিক দক্ষতা উন্নয়ন ও সুনির্দিষ্ট অভিবাসন কাঠামোর মাধ্যমে গ্রীসের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব হবে। এ লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বোয়েসেল কাজ করতে প্রস্তুত রয়েছে।
কর্মশালায় গ্রীসের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিতকরণ এবং দক্ষ কর্মী তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।