বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ২১:৪৯
আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২১:৫০

শেষ হলো বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

ছবি : আইএসপিআর

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার ঢাকার বনানীতে অবস্থিত নৌ সদর সুইমিং কমপ্লেক্সে শেষ হয়েছে। 

প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল ৪টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার-আপ হয়েছে।

অপরদিকে, ওয়াটার পোলো প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত ৯ আগস্ট ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান।

উল্লেখ্য যে, ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিমান বাহিনীর ৭ টি দল অংশগ্রহণ করে।