বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ২১:২১

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশ সিএমপি কমিশনারের

ছবি: বাসস

চট্টগ্রাম, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। 

একই সঙ্গে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন তিনি।

আজ সকালে, দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ২০২৬ সালের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন সিএমপি কমিশনার।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে সভায় বিভিন্ন থানার কার্যক্রম, অপরাধ পরিস্থিতি ও মামলা নিষ্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ কমিশনার বলেন, হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের জন্য কার্যকর ও সময়োপযোগী পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। মামলা নিষ্পত্তির হার বাড়ানো এবং ওয়ারেন্ট তামিলের গতি ত্বরান্বিত করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। 

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।