বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ২১:০৬

থাইল্যান্ডে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সম্প্রসারণে বোয়েসেল-সিনেট কমিটির আলোচনা

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস): থাইল্যান্ডের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের লক্ষ্যে থাইল্যান্ডের সিনেট স্ট্যান্ডিং কমিটি অন লেবার’র আট সদস্যের একটি প্রতিনিধিদল গত ১২ আগস্ট বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) পরিদর্শন করেছে।

এ উপলক্ষ্যে প্রতিনিধিদলের সঙ্গে বোয়েসেলের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের সিনেট স্ট্যান্ডিং কমিটি অন লেবার’র চেয়ারম্যান মি. নিরুত্তি সুটিনন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যদিকে, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বোয়েসেল প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠকে বোয়েসেলের মাধ্যমে বিভিন্ন দেশে স্বচ্ছ, সুশৃঙ্খল, নৈতিক, নিরাপদ ও স্বল্প ব্যয়ে দক্ষ কর্মী প্রেরণের বিদ্যমান মডেল সম্পর্কে থাই প্রতিনিধিদলকে অবহিত করা হয়। এ মডেল সম্পর্কে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করে এবং নৈতিক ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে বোয়েসেলের উদ্যোগকে স্বাগত জানায়।

বৈঠকে থাইল্যান্ডের নির্মাণ, কৃষি, পর্যটন ও আতিথেয়তা খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য থাইল্যান্ডের সিনেট স্ট্যান্ডিং কমিটি অন লেবার’র প্রতি বোয়েসেলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

এ সময় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, থাইল্যান্ডের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী প্রেরণের আগে সংশ্লিষ্ট কর্মীদের কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় ওরিয়েন্টেশন প্রদান করা হবে। এর মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মপরিবেশের সঙ্গে তাদের অভিযোজন এবং নিরাপদ ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে শ্রমবাজারভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডে অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

একই সঙ্গে স্বচ্ছ, সুশৃঙ্খল, নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করার মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বৈঠকটি শেষ হয়।