শিরোনাম

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬(বাসস): কৃষি সচিব হিসেবে মো. সেলিম খান যোগদান করেছেন। বুধবার তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।
মো. সেলিম খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। জানা যায়, নব্বইয়ের দশকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র থাকাকালে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
চাকরি জীবনের দীর্ঘ সময়ে মো. সেলিম খান বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে কাজ করলেও রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি কাক্সিক্ষত পদায়ন ও পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি বরগুনার পাথরঘাটা উপজেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া ঠাকুরগাঁও পৌরসভায় প্রায় আট বছর এবং গাজীপুর পৌরসভা ট্রাস্টে প্রায় ছয় বছর দায়িত্ব পালন করেন। একপর্যায়ে তাকে ওএসডি হিসেবেও দায়িত্ব পালন করতে হয়।
জানা যায়, বিগত সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় তিনি বৈষম্যের শিকার হয়েছেন এবং একাধিকবার পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।