শিরোনাম

চট্টগ্রাম, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : মাত্র পনের দিনের ব্যবধানে পুকুরে ডুবে পরপর তিন শিক্ষার্থীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সকল পুকুরে নামা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ক্যাম্পাসের সকল পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে নামা, সাঁতার কাটা বা পানিতে প্রবেশ করা যাবে না। নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে প্রবেশ বা নামলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাপরিপন্থী আচরণ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার দুপুরে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ছাত্র অর্ণব চন্দ এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ছাত্র শান্ত দেব। এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব সাহা।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের সকল পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পুকুরে নামা, সাঁতার কাটা কিংবা পানিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।