বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৯:০০

বই শিশুদের সামনে জ্ঞানের দুয়ার খুলে দেয় : বিভাগীয় কমিশনার

ছবি : বাসস

ময়মনসিংহ, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস. এম হুমায়ুন কবির সরকার বলেন, বই শিশুদের সামনে জ্ঞানের দুয়ার খুলে দেয়। বই পাঠের জন্য সবচেয়ে আনন্দময় ও উৎসাহদায়ী জায়গা হচ্ছে লাইব্রেরি। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বই পাঠ করতে এবং তা উপভোগ করতে উৎসাহিত করেন।

আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বিভাগীয় পাঠক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আলোকিত মানুষ চাই’ এ প্রতিপাদ্যে ময়মনসিংহের টাউন হলস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধনী) প্রকল্পের আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রকল্পের বাস্তবায়নে সহযোগী বিশ্বসাহিত্য কেন্দ্র।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের মতো পারিবারিক, সোশ্যাল বন্ডিং পশ্চিমা বিশ্বে নেই। কিন্তু ক্রমেই যেন আমরা তা হারিয়ে ফেলছি। অথচ সামাজিক মূল্যবোধ বৃদ্ধিতে পাঠ্যবইয়ের পাশাপাশি সব ধরনের বই পড়ার অভ্যাস করা উচিত। যে সকল বই পড়লে দেশ, সমাজের প্রতি মমত্ববোধ বাড়ে, সামাজিক, ব্যক্তিগত মূল্যবোধ তৈরি হয়, সে সকল বই পড়তে হবে। আলোকিত মানুষ গড়ে তুলতে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) মোহাম্মদ হামিদুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধনী) প্রকল্পের পরিচালক মু. বিল্লাল হোসেন খান, গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকার প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) দেবাশীষ ভদ্র প্রমুখ। 

এ সময় শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।