শিরোনাম

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ঐতিহাসিক ‘ঢাকা দিবস’ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ আয়োজন করা হয়েছে।
আজ নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকায় বসবাসকারী মানুষ কেউ জন্মসূত্রে, কেউ জীবিকার প্রয়োজনে আবার কেউ শিক্ষার জন্য এ শহরে এসেছেন। কেউ স্থায়ীভাবে, কেউ অস্থায়ীভাবে বসবাস করলেও ঢাকার আশ্রয়ে থাকা সবাই এ শহরের নাগরিক। তবে শতাব্দী প্রাচীন এ রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে দৃঢ় বন্ধন না থাকায় অনেকেই শহরটিকে আপন করে নিতে পারেননি।
তিনি বলেন, এর ফলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। নাগরিকদের কাছে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে তাদের হৃদয়ে রাজধানীর প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১ থেকে ৭ আগস্ট বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ থেকে ৬ আগস্ট চ্যানেল আইয়ের ব্যবস্থাপনায় ঢাকার চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি উৎসবও অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল ১৪ আগস্ট ভোরে ঢাকা গেট থেকে নগর ভবন পর্যন্ত ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’ হবে। ১৫ আগস্ট মতিঝিলের শাপলা চত্বর থেকে বুড়িগঙ্গা মঞ্চ (সোয়ারীঘাট) পর্যন্ত আয়োজন করা হবে ‘ঢাকা হেরিটেজ রান’।
১৬ থেকে ২২ আগস্ট সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ঢাকাকে কেন্দ্র করে নির্মিত মঞ্চনাটক নিয়ে নাট্যোৎসব আয়োজন করা হবে। ২১ আগস্ট খোলামোড়া ঘাট থেকে ওয়াইজঘাট পর্যন্ত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। একই দিনে সদরঘাট থেকে শত বছরের পুরোনো বিশেষ হেরিটেজ ক্রুজে পর্যটকদের ভ্রমণের আয়োজন থাকবে।
২২ আগস্ট মধুমিতা সিনেমাহলে ঢাকা নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ২১ থেকে ৩০ আগস্ট ঢাকার বিপণিবিতানগুলোতে অনুষ্ঠিত হবে ‘দ্য গ্রেট ঢাকা সেল’। একই সময়ে ২১ থেকে ৩০ আগস্ট নাগরিকদের আবেগ ও ভালোবাসার চিঠি আহ্বান করে ‘লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচি পরিচালনা করা হবে।
২১ থেকে ২৮ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক পরিবেশন করা হবে। ২৩ থেকে ২৯ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে ঢাকা নিয়ে নির্মিত পুরোনো নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
২৪ আগস্ট উত্তর ধানমন্ডির জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের হেলিপ্যাডে হেলিকপ্টারের মাধ্যমে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ উৎসব প্রদর্শনের আয়োজন করা হবে।
২৮ আগস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য ঢাকা শোভাযাত্রা। এতে ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি, পালকিসহ ঢাকার ঐতিহ্যবাহী নানা উপকরণ প্রদর্শন করা হবে।
২৯ আগস্ট বিকেল ৪টায় লালবাগ কেল্লায় ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। একই অনুষ্ঠানে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।
৩০ আগস্ট লালবাগ কেল্লায় আয়োজন করা হবে ঘুড়ি উৎসব ও বিশেষ ‘ঢাকা আড্ডা’। সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। পাশাপাশি দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে উন্মুক্ত আর্ট ক্যাম্প। ৫ সেপ্টেম্বর আলমগঞ্জ জেটিতে আয়োজন করা হবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘পঞ্চায়েতি আড্ডা’।
সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক নগর প্রশাসনের পথচলা শুরু হয়। কালের বিবর্তনে সেই নগর প্রশাসন আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রূপ নিয়েছে। এ কারণেই ১ আগস্টকে ‘ঢাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান— বাংলাদেশের প্রতিটি গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী ঢাকা। এ ঐতিহ্যকে ধারণ করে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক রাজধানী গড়ে তোলাই ডিএসসিসির লক্ষ্য।
একটি পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে দেশের সর্বস্তরের নাগরিক, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং দেশি-বিদেশি পর্যটকদের ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ডিএসসিসি।