বাসস
  ১২ আগস্ট ২০২৬, ২১:১৮

বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস): কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত অপর পাঁচ কর্মকর্তা হলেন- ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপ-কমিশনার কাজী আশরাফুল আজীম, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী এবং কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে চাকরি থেকে বরখাস্তের এ আদেশ জারি করা হয়। 

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, তারা বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালায় এ ধরনের অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কাজী আশরাফুল আজীম ও রাজন কুমার দাসের বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগও প্রমাণিত হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা যেদিন থেকে অনুপস্থিত, সেদিন থেকেই তাদের চাকরিচ্যুতি কার্যকর করা হয়েছে।