বাসস
  ১২ আগস্ট ২০২৬, ২১:১৫

হামের টিকাদান কর্মসূচিতে সফলতা অর্জন করেছে ডিএনসিসি

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হামের টিকাদান কর্মসূচিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সফলতা অর্জন করেছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের মিলনায়তনে ইউনিসেফ আয়োজিত রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসির প্রশাসক জানান, হামের টিকাদান কর্মসূচিতে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরার টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, ‘তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। তিনি দেশের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তাঁর কর্মী হিসেবে দেশ গঠনে সহযোগিতা করছি এবং এ সহযোগিতা অব্যাহত রাখব।’

শফিকুল ইসলাম খান বলেন, হামের টিকার মাধ্যমে যেভাবে শিশুদের সুরক্ষা দেওয়া হয়েছে, তেমনি জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা প্রদানের মাধ্যমে নারী সমাজকেও সুরক্ষা দেওয়া হবে।

তিনি ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। 

তিনি বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় নগরবাসীর পাশে রয়েছে।

ডিএনসিসির প্রশাসক আরও বলেন, শহরের কোথাও বর্জ্য জমে থাকলে নগরবাসী তা জানালে ডিএনসিসির কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টার মধ্যে তা অপসারণের ব্যবস্থা নেবে।

নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকার বর্জ্য পরিষ্কার করা হয়েছে বলেও তিনি জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।