বাসস
  ১২ আগস্ট ২০২৬, ১৮:১৩

চুয়েটে পুকুরে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম, ১২ আগস্ট, ২০২৬ (বাসস): চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ২৪ ব্যাচের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। 

নিহতরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অর্ণব চন্দ (২২) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শান্ত দেব (২৩)। তাদের দু’জনেরই বাড়ি সিলেট বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অর্ণব ও শান্ত দুপুরে ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে হলের পুকুরে গোসল করতে নামেন।  দু’জনে সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পুকুরের মাঝ অংশে গিয়ে তলিয়ে যান। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম জানান, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে রয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এরআগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে নিহত হন যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী অর্নব সাহা।