শিরোনাম

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস): সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে অবিলম্বে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার ফিরিয়ে দিতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
আজ বুধবার সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিক নেতারা এই অনুরোধ জানিয়েছেন।
সাংবাদিক নেতারা বলেন, যখন মানুষ অধিকার বঞ্চিত হয়, অন্যায়ের শিকার হয়, তখন অধিকার ফিরে পাওয়ার জন্য আদালতের আশ্রয় গ্রহণ করেন। আদালতের কার্যক্রম, আদালতের রায়, আদেশ এবং আদালত সংশ্লিষ্ট বিভিন্ন সংবাদ গণমাধ্যমের মাধ্যমেই মানুষ জানতে পারে। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের আগে গত ৭ জানুয়ারি থেকে আপিল বিভাগসহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে। এর ফলে বিচারাধীন মামলার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহ করতে পারছে না গণমাধ্যমকর্মীরা। এতে দেশের মানুষ তথ্য পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
তারা আশা প্রকাশ করে বলেন, প্রধান বিচারপতিসহ সম্মানিত বিচারপতিগণ এ বিষয়ের গুরুত্ব অনুধাবন করবেন এবং অবিলম্বে আপিল বিভাগের এজলাসে কক্ষে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার ফিরিয়ে দেবেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর, ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনির্টির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, ডিআরইউ’র সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ডিইউজে’র যুগ্ম সম্পাদক দিদারুল আলম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএম বাদশাহ, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সভাপতি শাফি উদ্দীন আহমদ, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি কাজী জেবেল, এলআরএফের সাবেক সভাপতি এম বদি-উজ-জামান, আশুতোষ সরকার, ওয়াকিল আহমেদ হিরন ও শামীমা আক্তার, এলআরএফের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সদস্য শংকর মৈত্র ও সাজেদুল হক প্রমুখ।
সভাপতির বক্তব্যে এলআরএফের সভাপতি মুহাম্মদ ইয়াছিন বলেন, ‘দাবি মানা না হলে শিগগিরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকক্ষে প্রবেশের কর্মসূচি ঘোষণা করা হবে।’
ফোরামের সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে ফোরামের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আবু সালেহ রনি, যুগ্মসম্পাদক তানভীর আহমেদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী মানু, কার্যনির্বাহ সদস্য আসাদুর রহমান, এসএম নূর মোহাম্মদ ও রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।