শিরোনাম

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর রূপনগর থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় ল্যাংড়া রুবেল ও তার সহযোগী তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১১ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল রূপনগর থানার দুয়ারীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি খয়েরি রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ গাড়িটি আটক করে দু’জনকে গ্রেফতার করে। এসময় গাড়ির চালক পালিয়ে যায়। গ্রেফতার রুবেলকে তল্লাশি করে তার কোমর থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।