শিরোনাম

দিনাজপুর, ১২ আগস্ট, ২০২৬ (বাসস): দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকায় বিজিবিসহ যৌথ বাহিনীর অভিযানে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. পারভেজ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে বিজিবি আটক করেছে।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় দিনাজপুর ৪২ বডার গার্ড ব্যাটালিয়ন- বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।
তিনি বলেন, কষ্টি পাথরের মুর্তিটি উদ্ধারের পর দেশের প্রত্নতাত্ত্বিক তথ্য বিভাগের বিশেষজ্ঞ টীম মুর্তিটি প্রাথমিকভাবে পরীক্ষা করে কষ্টি পাথরের দুষ্প্রাপ্য এবং মূল্যবান মুর্তি হিসাবে বিজিবি অধিনায়কসহ সংশ্লিষ্টদের অবহিত করেছেন।
বিজিবি’র সূত্রটি জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট, র্যাব ও সদর কোতয়ালী থানা পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী শহরে চাতরাপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে শহরে চাতরাপাড়া মহল্লায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. পারভেজ মন্ডল (৩৮) কে আটক করা হয়। তিনি চাতরাপাড়া গ্রামের মৃত লবানা মন্ডলের পুত্র বলে পরিচয় পাওয়া যায়।
মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ লাখ ১৫ হাজার টাকা। তবে এর প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিজিবি।
বিজিবি জানায়, ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন, যা ১৯৭৬ সালে সংশোধিত হয়েছে, সে অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ সংরক্ষণ ও সুরক্ষার দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত করা হয়েছে।
আটক পারভেজ মন্ডলকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উদ্ধার মূর্তিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় বিজিবি’র পক্ষ হতে আটক পারভেজ মণ্ডলকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করা রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বাসস’কে বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্রসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি’র অভিযান চলমান থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ ব্যাপারে সদর কোতয়ালী থানার ওসি পরিদর্শক মো. নুরুন নবী বাসস’কে জানান, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে কষ্টি পাথরের মূর্তি বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছে বলে স্বীকার করেছে। তার সাথে আরও সহযোগী আসামি জড়িত রয়েছে। তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার আসামি পারভেজ মন্ডলকে বুধবার দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। বিচারক তার রিমান্ড মঞ্জুর করলে তাকে জিজ্ঞাসাবাদে কষ্টি পাথরের মূর্তি পাচার চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য জানা সম্ভব হবে বলে তিনি জানান।